সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেত্রী নাজনীন নীহা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে ইউটিউব ফিল্ম ‘ইনস্টাগ্রাম’-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা। এই কাজের আগে বাসারের সঙ্গে অভিনয়ের আগ্রহের কথা নির্মাতাকে নিজেই জানিয়েছিলেন নীহা।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘ইনস্টাগ্রাম’-এর জন্য নীহাকে ফোন করে কাজটির বিষয়ে জানানোর পর নীহা নিজ থেকেই খায়রুল বাসারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
রাজ বলেন, “এ কাজটির জন্য ওকে (নীহা) যখন ফোন করেছিলাম, সব শুনে ও বাসারের নামটা নিজ থেকেই বলেছে। ও বলেছিল, ‘আমি বাসার ভাইয়ের সঙ্গে একটা কাজ করতে চাই’। আমিও মনে মনে প্ল্যান করে রেখেছিলাম, বাসারের সঙ্গেই কাজটা হবে। ভেবেছিলাম, গল্পটা বলে তারপর বাসারের কথা বলব। তার আগেই ও বাসারের কথাটা বলে ফেলল।”
‘ইনস্টাগ্রাম’ দিয়ে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন খায়রুল বাসার ও নাজনীন নীহা। সহশিল্পী হিসেবে নীহার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বাসার বলেন, এর আগে কয়েকটি কাজ নিয়ে তাঁদের মধ্যে কথা হলেও শেষ পর্যন্ত সেগুলো আর করা হয়নি। এবার একসঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত।
বাসার বলেন, “নীহার সঙ্গে এটাই প্রথম কাজ। এর আগে কয়েকটি কাজ নিয়ে কথা হয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে একসঙ্গে আমরা কাজ করছি। এখন পর্যন্ত নীহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। কাজ নিয়ে সে খুব মনোযোগী এবং সচেতন।”
নির্মাতা রাজ জানিয়েছেন, ইউটিউব ফিল্মটির গল্পে উঠে আসবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম এবং একটি গ্রামের নানা ঘটনা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পর্ক, আন্তরিক সহাবস্থানসহ আরও নানা বিষয় এতে তুলে ধরা হবে।
‘ইনস্টাগ্রাম’ চলচ্চিত্রে খায়রুল বাসার ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, মাহমুদুল ইসলাম মিঠু, এজাজুল ইসলাম, ফারুক আহমেদসহ আরও অনেকে।
নির্মাতা জানিয়েছেন, আগামী নভেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ইউটিউব ফিল্মটি।